যশোরে সুপারি চুরি করা দেখে ফেলায় আজগর আলী নামে বাকপ্রতিবন্ধী রাজমিস্ত্রিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার সন্ধ্যায় শহরতলীর শেখহাটিতে এই ঘটনার পর আহত আজগর আলীর স্ত্রী পান্না বেগম ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। পুলিশ এই মামলায় ইসমাইল হোসেন নামে এক আসামিকে আটক করেছে।
আটক ইসমাইল হোসেন শেখহাটি মিয়া বাড়ির বাবুল পরামানিকের ছেলে।
এই মামলার অন্য আসামিরা হলো, শেখহাটি দক্ষিণপাড়ার ফারুকের ছেলে লেদু ওরফে পলাশ, শেখহাটি টুনটুনির মোড়ের আজমলের ছেলে রাজন ও শেখহাটি রিপন মেম্বরের বাড়ির পিছনে কালুর ছেলে শাহজাহান।
বাদী পান্না বেগম মামলায় বলেছেন, তার স্বামী আজগর আলী বাকপ্রতিবন্ধী রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। গত শুক্রবার বিকেলে কাজ শেষে বাড়ি থেকে চা পান করার জন্য এলাকার লিটনের দোকানে যাচ্ছিলেন। কিন্তু চায়ের দোকানে যাওয়ার পথে দেখতে পান আসামিরা একটি বাগানে গাছ থেকে সুপারি চুরি করছে। বাকপ্রতিবন্ধী আজগর আলী তাদের চুরি করা দেখে ফেলায় ক্ষিপ্ত হয়। এরপর তাকে ধরে বেধড়ক মারপিট ও ছুরিকাঘাত করে।
খবর পেয়ে পরিবারের লোকজন আহত আজগরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। জরুরি বিভাগের ডাক্তার আহম্মেদ তারেক শামস জানিয়েছেন, আহত আজগরের বুকে পিঠে ছুরিকাঘাত করা হয়েছে। শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, প্রতিবন্ধী আজগরকে ছুরিকাঘাতের ঘটনায় তালবাড়ি পুলিশ ক্যাম্পের এসআই একরামুল হুদা শনিবার সকালে উপশহর হাইকোর্ট মোড় থেকে ইসমাইল নামে একজনকে আটক করা হয়েছে।

No comments:
Post a Comment