এক কোটিরও বেশি টাকা ব্যয়ে আধুনিকায়ন করা হচ্ছে যশোর টাউনহল মাঠের ইতিহাস বিজড়িত ঐতিহ্যবাহী স্বাধীনতা উন্মুক্ত মঞ্চ। বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা পরিষদের মাসিক সভায় এ সিদ্ধান্তের জানানো হয়। শিগগির যশোরবাসী অবেহলিত এ মঞ্চটি আধুনিকরুপে দেখতে পারবেন।
১৯৭১ সালের ১১ ডিসেম্বর এই মঞ্চেই স্বাধীন বাংলার মাটিতে প্রবাসী সরকারের প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। যেখানে ভাষণ দিয়েছিলেন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, বিখ্যাত চলচ্চিত্রকার জহির রায়হানসহ দেশের গণমান্য ব্যক্তিবর্গ। অথচ বিগত কয়েক দশক ধরে অবহেলিত ও জর্জরিত অবস্থায় পড়ে ছিল মঞ্চটি। দেখভাল না করায় এক সময় মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয় এটি। তবে. জেলা পরিষদ মঞ্চকে আধুনিকভাবে সাজাতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে। এটি সম্পন্ন করতে ব্যয় ধরা হয়েছে এক কোটি ১০ লাখ টাকা।
জেলা পরিষদ চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। সভায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিবরণী তুলে ধরেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আরিফ-উজ-জামান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, সদস্য মেহেদী হাসান মিন্টু, অহিদুজ্জামান, ইব্রাহীম খলিল, ইকবাল আহমেদ, হবিবর রহমান, তৌহিদুর রহমান, ইকবাল হোসেন, শাহ মুরাদ আহমেদ, এস এম ফারুক হুসাইন, গৌতম চক্রবর্তী, হাসান সাদেক, সোহরাব হোসেন, অনিন্দ্যদেব সরকার, সংরক্ষিত সদস্য হাজেরা পারভীন, সাহানা আক্তার, লায়লা খাতুন, শ্যায়লা জেসমিন, রুকসানা ইয়াসমিন পান্না প্রমুখ।

No comments:
Post a Comment