দৌলতদিয়া ফেরিঘাটে চাপ নেই, গাড়ির অপেক্ষায় ফেরি - যশোরের কাগজ

Breaking

JESSORE WEATHER

Post Top Ad

Post Top Ad

Monday, 27 June 2022

দৌলতদিয়া ফেরিঘাটে চাপ নেই, গাড়ির অপেক্ষায় ফেরি

 


শনিবার পদ্মা সেতু উদ্বোধনের পর রোববার থেকে সর্বসাধারণের জন্য যানবাহন চলাচল শুরু হয়েছে। এতে সোমবার সকাল থেকেই দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নেই যানবাহনে চাপ। 

দৌলতদিয়া ঘাট প্রথম ও দ্বিতীয় দিনেই হারিয়েছে তার চিরচেনা রূপ। স্বস্তিতে পারাপার হচ্ছেন সব ধরনের যানবাহন। এমনকি গাড়ির জন্য অপেক্ষা করতে হচ্ছে ফেরিকে।

সোমবার (২৭ জুন) সকালে দৌলতদিয়া ঘাটে দেখা যায়, ঘাটের কোথাও যানবাহনের সারি নেই। দৌলতদিয়ার সচল থাকা পাঁচটি ফেরিঘাট রয়েছে ফাঁকা। তবে মাঝেমধ্যে দুই-একটি করে পরিবহন ও দুই-একটি কাভার্ড ভ্যান, ট্রাক ফেরিতে উঠছে। এক একটি ফেরি ঘাটে ৪০ থেকে ৫০ মিনিট অপেক্ষা করে যানবাহন নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। এখন আর ফেরির জন্য মহাসড়কে অপেক্ষা করতে হচ্ছে না। যানবাহনগুলো ঘাটে এসেই সরাসরি ফেরিতে উঠে যাচ্ছে। 

সকালে কার্ভাডভ্যান চালক আব্দুল্লাহ মিয়া বলেন, 'পদ্মা সেতু উদ্বোধন হওয়াতে দৌলতদিয়া ঘাট ফাঁকা হয়ে গেছে। আজ কোন যানবাহনের ভিড় নেই। কুষ্টিয়া থেকে ছেড়ে এসে সরাসরি দৌলতদিয়া ঘাটে এসে ফেরিতে উঠে যেতে পারলাম। যা আগে কখনো সম্ভব ছিল না।' 

কেরামত আলীর ফেরির লস্কর মো. শুকুর আলী বলেন, এপার ওপারে কোথাও গাড়ির চাপ নেই, দুই পারারেই ফাঁকা। যেখানে একটি ফেরি লোড হতে সময় লাগতো ১৫ থেকে ২০ মিনিট। আজ একটি ফেরি লোড হতে সময় লাগছে ৪০ থেকে ৫০ মিনিট। কারণ ঘাটে যানবাহন খুবই কম। গাড়ির জন্য প্রতিটি ফেরির অপেক্ষায় থাকতে হচ্ছে। 

বিআইডব্লিউটিসি আরিচা দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান টেলিফোনে বলেন, স্বপ্নের সেতু চালু হওয়ায় আমাদের দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানবাহন পারাপার কমেছে, কোন ধরণের দুর্ভোগ ছাড়া যানবাহনগুলো পার করতে পারছি। এখন এখান থেকে রাজস্ব কিছুটা কম আদায় হবে। তবে দুই-এক মাস পরে গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad