ইউরোপের প্রথম দেশ হিসেবে নারী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট গড়ছে আইসল্যান্ড।
দেশটিতে সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে ৬৩ আসনের মধ্যে ৩৩টি আসনে নির্বাচিত হয়েছেন নারী প্রার্থীরা। ইতিহাসে এই প্রথমবার ইউরোপে ৫০ শতাংশের বেশি আসনে নারী এমপি পেল কোনো দেশ।
ইতিহাস সৃষ্টি করল আইসল্যান্ড। রোববার দেশটির জাতীয় নির্বাচনের ফলাফলে অর্ধেকের বেশি আসনে জয় পেয়েছেন নারী প্রার্থীরা। আর তাই ফল ঘোষণার পরপরই এমন উল্লাসে মেতে ওঠেন বিজয়ীরা।
একজন বলেন, আমাদের উৎসবের দিন। সবাই আনন্দ-উল্লাস করুন। ইতিহাস সৃষ্টি হলো। সবচেয়ে বড় কথা আমরা গণতন্ত্রকে ভালোবাসি।
শনিবারের নির্বাচনে আবারও জয় পেয়েছে প্রধানমন্ত্রী কাট্রিনের নেতৃত্বাধীন জোট। তার নিজ দলের আসন কমলেও পার্লামেন্টে জোটের আসন গতবারের চেয়ে বেড়েছে।
দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শনিবারের নির্বাচনে ৬৩ আসনের পার্লামেন্টে নারী নির্বাচিত হয়েছেন ৩৩ জন, যা মোট আসনের ৫২ শতাংশ। এর আগে ২০১৭ সালের নির্বাচনে নারী প্রার্থীরা জয়ী হয়েছিলেন ২২টি আসনে।
ইউরোপের কোনো দেশের পার্লামেন্টে এর আগে নারী এমপির সংখ্যা ৫০ শতাংশ পার হয়নি। তবে, ৪৭ শতাংশ আসনে জয় পেয়ে কাছাকাছি গিয়েছেলেন সুইডেনের নারীরা।
বিশ্বে বর্তমানে মাত্র পাঁচটি দেশে অর্ধেক নারী এমপি রয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৬১ দশমিক ৩ শতাংশ নারী এমপি নিয়ে শীর্ষে আছে আফ্রিকার দেশ রুয়ান্ডা।


No comments:
Post a Comment